প্রথমবারের মতো ইপিএলের শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে লেস্টার সিটি। নিজেদের মাঠে সোয়নসি সিটির বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে ক্লদিও রনিয়েরির দল।
এদিন প্রথম একাদশে সুযোগ পেয়েই জ্বলে উঠেন লিওনার্দো উলোয়া। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জোড়া গোলেই সোয়ানসি সিটিকে হারায় লেস্টার। তবে নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারেননি জেমি ভার্ডি। দলের সেরা গোলদাতার অনুপস্থিতিতে রিয়াদ মাহরেজ ও উলোয়ার গোলে প্রথমার্ধেই জয়ের পথে এগিয়ে যায় লেস্টার। দ্বিতীয়ার্ধে উলোয়ার দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ে, সবশেষে বড় জয় নিশ্চিত করেন মার্ক অ্যাব্রাইটন।
লেস্টারের পয়েন্ট বেড়ে হলো ৩৫ ম্যাচে ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। শেষ তিন ম্যাচে আর ৫ পয়েন্ট পেলে অন্য কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে লেস্টার। তবে এই তিন ম্যাচেই তাদের আসল পরীক্ষা হবে।
তাদের প্রতিপক্ষ যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন ও চেলসি। এর মধ্যে এভারটনের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে লেস্টার। এ মৌসুমে এ পর্যন্ত ঘরের মাঠে রনিয়েরির দল একবারই মাত্র হেরেছে।