আবারো আর্সেনালের হোঁচট

প্রিমিয়ার লিগের আশা অনেক আগেই হারিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। এখন সেরা চারে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতেও হিমশিম খাচ্ছে আর্সেন ওয়েঙ্গারের দল। রবিবার পয়েন্ট তালিকার নিচের দিকের দল সান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।
 
এই হোঁচটের পর ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ১ ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
 
ইপিএলের প্রথম তিনটি দল পরের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাবে। চতুর্থ দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ খেলা মূল পর্বে আসার।
এ্দিন প্রতিপক্ষের মাঠে প্রথম ২০ মিনিটের অধিকাংশ সময় বল দখলে রাখলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি আর্সেনাল। ৩৩তম মিনিটে আলেক্সিস সানচেসের ফ্রি-কিক গোলরক্ষক ভিতো মানোনে এক হাত দিয়ে ঠেকিয়ে দিলে আর্সেনাল সমর্থকদের হতাশ হতে হয়।
 
এর তিন মিনিট পর ডি বক্সের মধ্যে ইংলিশ স্ট্রাইকার জারমেইন ডিফোর শট পের মার্টেসাকারের হাতে লাগলে পেনাল্টির আবেদন করে সান্ডারল্যান্ড, তবে তা রেফারির চোখ এড়িয়ে যায়।
 
বিরতির খানিক আগে সান্ডারল্যান্ডের ডি বক্সে নাইজেরিয়ার স্ট্রাইকার অ্যালেক্স আইওবির শট ডিফেন্ডার ডিঅ্যান্ড্রের হাতে লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে আর্সেনাল। কিন্তু রেফারি এবারও সাড়া দেননি।
 
৫২তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডিফোর নীচু জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক চেক।
 
এই ড্রয়ে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে সান্ডারল্যান্ড। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে অষ্টাদশ স্থানে নেমে গেছে।