সিরিয়ায় তুরস্কের অভিযানে ৯শ আইএস সদস্য নিহত

সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ৯০০ সদস্য নিহত হয়েছে। গত জানুয়ারি থেকে গোলা বর্ষণ ও বিমান হামলায় তারা নিহত হয়। দেশের সরকারি বার্তা সংস্থা আনাতোলিয়া সামরিক সূত্রে সোমবার এই খবর জানায়।
 
খবরে বলা হয়, তুর্কি বিমান হামলায় গত ৯ জানুয়ারি থেকে ৪৯২ জন আইএস ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এছাড়াও কামানের গোলা বর্ষণে আরো ৩৭০ জন নিহত হয়। এসব হামলায় জিহাদিদের অনেক অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে।
 
তবে নিহতের সংখ্যা বা তাদের পরিচয় নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
 
উল্লেখ্য, গত গ্রীষ্মে তুরস্ক সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। বিদেশি পর্যটকদের লক্ষ্য করে ইস্তাম্বুলে ভয়াবহ আত্মঘাতী হামলাসহ বিভিন্ন হামলার ঘটনায় তারা জিহাদিদের দায়ী করে আসছে। সূত্র: এএফপি