ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর মোহাম্মদআলী বাজার এলাকায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এনা পরিবহন রাস্তার মাঝে আইল্যান্ডে তুলে গাড়ী উল্টে এনায়েত হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেলে মোহাম্মদআলী বাজারে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার মাঝে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে গাড়ী উল্টে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী ও বাস যাত্রীসহ প্রায় ২৫ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শহরের ডাক্তার হায়দার ক্লিনিকে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী নিহত এনায়েত হোসেন ফেনী শহরের শান্তি কোম্পানী সড়ক এলাকার বাসিন্দা আহম্মদ উল্লাহর ছেলে।
এদিকে বাস উল্টে গিয়ে আহত ২৫ জন বাস যাত্রীকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী যাত্রী ফজলুল করিম জানান, মোটরসাইকেল আরোহীদের বাঁচাতে গিয়ে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে গাড়ী উল্টে গেলে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়।
ফেনী ফারার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ আলী আজগর বলেন, গাড়ী দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত গাড়ীর যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।