মঙ্গলবার মুখোমুখি শেখ জামাল-তামপাইনস

এএফসি কাপ ফুটবলে নিজেদের পঞ্চম ম্যাচে সিঙ্গাপুরের ক্লাব তামপাইনস রোভারসের বিপক্ষে মাঠে নামবে শেখ ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
 
টুর্নামেন্টের শুরু থেকে এই পর্যন্ত শেখ জামাল ম্যাচ খেলেছে ৪টি। কিন্তু কোনটিতে জয় না পাওয়ায় পয়েন্টশূন্য থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের। এবার দলটির সামনে একটাই লক্ষ্য আর সেটা হলো সিঙ্গাপুরের বিপক্ষে হোম ভেন্যুর এই ম্যাচটি থেকে পয়েন্ট সংগ্রহ করা।
 
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে তেমনটিই জানালেন কোচ শফিকুল ইসলাম মানিক। তবে দলের প্রয়োজনীয় ফুটবলারদের অনুপস্থিতি তাকে ভাবাচ্ছে। 
 
তিনি বলেন, ‘এএফসি কাপ নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্ত ফুটবলারদের ইনজুরি, ফুটবলার সংকট ও রেজিস্ট্রেশন জটিলতার কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আর সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি আমাদের জন্য কঠিন। কেননা তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করতে এই ম্যাচে মাঠে নামবে আর আমরা ফুটবলারদের অভাবে সেই চ্যাম্পিয়নের লড়াইয়ে নেই।’ তারপরেও জামাল কোচ স্বপ্ন দেখছেন ম্যাচের দিন দলীয় পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করে হোম ভেন্যুর বাড়তি সুবিধা নিতে।