রাবি শিক্ষক রেজাউল করিম হত্যা

সন্দেহভাজন আরো একজন আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় সন্দেহভাজন আরো একজনকে আটক করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায় নি।
 
আটকের বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার শামসুদ্দিন বলেন, খড়খড়ি এলাকা থেকে সন্দেহভাজন আরো একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ব্যক্তিকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
 
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শালবাগান এলাকায় রেজাউল করিমকে কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা। এ হত্যায় জড়িত সন্দেহে শনিবার গভীর রাতে শালবাগানস্থ নিজ বাড়ি থেকে হাফিজুর রহমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করে।