ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর পীরবাড়ি এলাকায় (অব.) সেনা সদস্য বাহার সরকারকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ির মিন্দে আলীর বাড়ির পাশের একটি সরু রাস্তায় তাকে গলা কেটে হত্যা করা হয়। তার বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
হত্যার কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারে নি। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মামুন নামে একজনকে আটক করে পুলিশে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকা পয়সার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে।