কথা কাটাকাটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একই গ্রুপের এক কর্মী চাকু দিয়ে জখম করেছে শরিফ উদ্দিন নামের আরেক ছাত্রলীগ কর্মীকে। গুরুতর আহত অবস্থায় শরিফকে প্রথমে চবি মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মী শরিফ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন অনুসারী ছাত্রলীগের ‘বিজয়’গ্রুপের কর্মী। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. আবির ড্যানিয়েল নামের এক কর্মী কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রুপের কর্মী শরিফ উদ্দিনকে চাকু দিয়ে গুরুতর জখম করে। এ সময় মো. আবির ড্যানিয়েলও আহত হয়। পরে শরিফকে গুরুতর আহত অবস্থায় চমেক এবং মো. আবির ড্যানিয়েলকে চবি মেডিকেল সেন্টার পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ড. মোহাম্মদ আবু তৈয়ব জানান, ‘ শরীফের কানের পেছনে একটি ও পিঠের বিভিন্ন জায়গায় চাকু দিয়ে জখম করা হয়েছে। আবীরে মাথায় সামান্য চোট লেগেছে।’
এদিকে এ দুজন ছাত্রলীগ কর্মী নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন।
এ বিষয়ে জানাতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় শরিফকে চমেকে পাঠনো হয়েছে। অন্য দিকে মো. আবির ড্যানিয়েলকে চবি মেডিকেল সেন্টার থেকে প্রাথমকি চিকিৎসা দিয়ে হাটহাজারী মডেল থানায় পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগ কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, শুনেছি তারা দুজনই ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী। কি কারণে ঘটনাটি ঘটছে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।