হামলাকারীদের ব্যাগে 'গুরুত্বপূর্ণ আলামত'

 
রাজধানীর কলাবাগানে বাড়িতে ঢুকে জুলহাজ মান্নানসহ দুজনকে খুন করে পালিয়ে যাওয়ার সময় হামলাকারী এক যুবকের হাত থেকে এক এএসআইয়ের ছিনিয়ে নেওয়া ব্যাগে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে বলে দাবি করছে পুলিশ। সোমবার বিকালে লেকসার্কাসের ওই বাড়িতে ঢুকে টি শার্ট ও প্যান্ট পরা যে যুবকরা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের হাতে ল্যাপটপের ব্যাগ থাকার কথা জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।
 
জোর করে ঘরে ঢুকে জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যার আগে বাড়ির এক দারোয়ানকে আঘাত করে হামলাকারীরা। যাওয়ার সময় তাদের আটকাতে গিয়ে এএসআই মমতাজ জখম হন বলে জানান ডিএমপির জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান। তিনি বলেন, 'এএসআই মমতাজ হামলাকারীদের একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে রাখেন।'
 
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, 'পুলিশ খুনিদের একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।'
 
ওই ব্যাগে মোবাইল ফোনসহ কিছু জিনিস পাওয়া গেছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু কোনো কর্মকর্তাই বলতে চাননি। আহত এএসআই  মোমতাজকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দারোয়ান পারভেজ মোল্লা চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিডি নিউজ।