জয়পুরহাট শহরের নতুনহাট সরদারপাড়া মহল্লায় সাড়ে চার বছরের এক মেয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাসার মালিক আব্দুল মান্নানকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন শিশুটির মা।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের সরদারপাড়া মহল্লায় জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আব্দুল মান্নানের বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া রয়েছেন শিশুটির মা। তার মেয়েকে নাতনী হিসাবে সম্বন্ধ তৈরি করে আব্দুল মান্নান। গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় আব্দুল মান্নান শিশুটির উপর যৌন নিপীড়ন চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, মামলা হওয়ায় মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।