ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারলেন না জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার নাসির হোসেন।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে ব্যাট করতে নেমে আবাহনী লিমিটেডের তামিম আউট হয়েছেন ৯০ রানে।
এদিন শুরু থেকেই দারুণ খেলছিলেন আবাহনী অধিনায়ক। মাহমুদউল্লাহর বলে ডাবল দিয়ে অর্ধশতক ছুঁয়েছেন ৫১ বলে। অর্ধশতকের পরও খেলছিলেন নিখুঁত। কিন্তু নার্ভাস নাইন্টিতে গিয়ে যেন খেই হারিয়ে ফেলেন। মাহমুদউল্লাহকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়লেন শফিউল ইসলামের হাতে।
আউট হওয়ার আগে ১১ চারে ৯১ বলে করেছেন ৯০। তামিমের পাশপাশি ভারতীয় ব্যাটসম্যান উদয় কাউলের ৬৩, নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৫২ ও মোসাদ্দেক হোসেনের ২৯ বলে ৪৬ রানের ঝড়ে আবাহনী তুলেছে ৫০ ওভারে ৪ উইকেটে ২৮৭।
এদিকে নাসিরও পুড়েছেন সেঞ্চুরি না করার আক্ষেপে। মঙ্গলবার ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রাইম দোলেশ্বরের হয়ে পাঁচে নেমে তুললেন ঝড়। নাসির উইকেটে গিয়েছিলেন ২৮তম ওভারে। ৫০ স্পর্শ করেছিলেন ৫২ বলে। অর্ধশতকের পর চালিয়েছেন তাণ্ডব।
খুব কাছে গিয়েছিলেন শতকের। শেষ ওভার শুরু করেছিলেন ৯৪ রান নিয়ে। ইনিংসের শেষ দুই বলে দরকার ছিল ৩ রান। কিন্তু পঞ্চম বলে দেওয়ান সাব্বিরের বলে ফেরেন কট বিহাইন্ড হয়ে। ১১ চার ও ১ ছক্কায় ৭৫ বলে করেছেন ৯৭ রান।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার ইমতিয়াজ হোসেন এবার করেছেন ৭৩। ফরহাদ রেজা ৩৮ বলে ৪৭। আবাহনীর মতো দোলেশ্বরও করেছে ঠিক ২৮৭ রান।