তীব্র গরমে কম্বোডিয়ায় হাতির মৃত্যু

কম্বোডিয়ায় তীব্র গরমে হার্ট এটাকে মারা গেছে একটি হাতি। হাতিটির বয়স ছিল ৪০ থেকে ৪৫ বছর। এজন্য কম্বোডিয়ার পার্কে হাতির উপর চড়াকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন হাজারো মানুষ।
 
২০০১ সাল থেকে এঙ্কার এলিফ্যান্ট কোম্পানিতে কাজ করতো এলডারিলি স্যামবো নামের ওই হাতি। ঘটনার দিন ৪০ মিনিট ধরে তীব্র গরমে কাজ করছিল হাতিটি। কিন্তু এরপরই মনে যায় সে। হার্ট এটাকে মারা যায়।
 
শুক্রবারের এ ঘটনা নাড়া দেয় কম্বোডিয়াবাসীকে। অনলাইনে একটি পিটিশনে স্বাক্ষর করেন ১৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। তাদের দাবি, এঙ্কার আর্কিওলজিকাল পার্কে হাতির উপর আরোহন নিষিদ্ধ করতে হবে।
 
চেঞ্জ ডট ওআরজির পিটিশনে বলা হয়, ‘দর্শনার্থীদের জন্য একটি নিষ্ঠুর আকর্ষণ তৈরি করা হয়েছে যা হাতিদের জন্য হুমকি বলে প্রমাণিত হয়েছে। এটি কম্বোডিয়ার পর্যটন শিল্পকে ধ্বংস করে দিতে পারে। এটি বন্ধ করতে হবে।’
 
জানানো হয়, হাতির উপর চড়া থেকে নিষ্ঠুর আর কিছু হতে পারেনা।
 
এঙ্কার এলিফ্যান্ট কোম্পানির ম্যানেজার ওয়ান কিরি বলেন, তারা এই ঘটনায় শোকাহত। স্যামবো ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছিল। সে আসলে হার্ট এটাকে মারা গেছে।প্রাণী অধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।