১৯৯১ সাল থেকে মিথ্যা তথ্য দিয়েছে মিতসুবিসি

গাড়ির জ্বালানি ব্যবহার নিয়ে ১৯৯১ সাল থেকে জাপানের মিতসুবিসি মোটরস মিথ্যা তথ্য দিচ্ছিল বলে কোম্পানির পক্ষ থেকে স্বীকার করে নেয়া হয়েছে। গাড়ির মাইলেজ অতিরঞ্জিত করে গাড়ি বিক্রির কথা সম্প্রতি ফাঁস হয়ে যায়। খবর- বিবিসির।
 
মিতসুবিসি মোটরসের প্রেসিডেন্ট তেতসুরো আইকাওয়া জানিয়েছেন মিথ্যা তথ্য দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে আরো জালিয়াতির ঘটনা উদঘাটিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। 
 
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো চিত্রটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। ঘটনাটি উদঘাটনের চেষ্টা চলছে। তবে গ্রাহকদের প্রতারিত করে বিশ্বব্যাপী কতগুলো গাড়ি বিক্রি করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এরকম ছয় লাখ গাড়ি জাপানের বাজারে বিক্রি করার কথা জানা গেছে।
 
শুধুমাত্র বৃহস্পতিবারই টোকিওতে মিতসুবিসির শেয়ার দর ১০ শতাংশ কমে গেছে। জালিয়াতির খবর প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম ৫০ শতাংশ কমেছে।