পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে তিনদিন ধরে ১৪ আটক রয়েছেন। দস্যুরা জন প্রতি ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।
ভুক্তভোগী জেলে পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় সুন্দরবনের দুধমূখী ও মরাভোলা এলাকায় নদীতে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী জেলেদের উপর আক্রমণ করে মারধর করে ছয় জেলেকে মুক্তিপণের দাবিতে ধরে নিয়ে গেছে। অপহৃত জেলেরা হচ্ছে, সোহেল সরদার(২৩), সুমন খান (২২), মিজান হাং (২৪), বারেক হাং (৩৫), রফিকুল (৩০), হাকিম তাং (৩৫)। এদের বাড়ি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে।
অপরদিকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সোমবার ভোর রাতে সুন্দরবনের পাকগুদি এলাকা থেকে আট জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এরা হলেন, রফিকুল(৩৫), হারুন(৪০), হাসান(৪০), আ. হাকিম (৩০), আলামিন (২০), জুয়েল (২৫), বাদল (২৫) ও রুস্তম (২৮)। এদের বাড়ি উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে।
সুন্দরবনের দাসেরভারানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।