ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী ক্রিকেটার মুস্তাফিজের অনেক প্রশংসা করেছেন। মুস্তাফিজ এ মুহূর্তে আমাদের জাতীয় গর্ব। তিনি দেশকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে গেছেন। মুস্তাফিজ এখন সন্দেহাতীতভাবে বিশ্বের ১ নম্বর বোলার।
তিনি আরও বলেন, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি। মুস্তাফিজ দেশের ক্রীড়াজগতের উন্নয়নে কাজ করছেন। একটি জাতি তখনই উন্নত হবে, যখন ওই জাতি অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করবে।