কারারক্ষী হত্যা মামলা: প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের কাছে অবসরপ্রাপ্ত কারারক্ষী রুস্তম আলী হাওলাদারকে গুলি করে হত্যার ঘটনায় জয়দেবপুর থানায় সোমবার রাতেই একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে এ মামলা করেন।
 
মামলায় হিমেল আহমেদকে ১নং আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়।
 
এরই মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে চার সদস্যের গঠিত তদন্ত কমিটি ও কারা কর্তৃপক্ষের তিন সদস্যের গঠিত তদন্ত কমিটি সোমবার বিকাল থেকেই তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
 
পুলিশ গাজীপুর মহানগরীর কোণাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকার প্রধান আসামি মো. হিমেল আহমেদকে (২২) সোমবার রাত দুইটার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। থানায় দায়েরকৃত এ মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে।
 
উল্লেখ্য, সোমবার সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অবসরজনিত ছুটিতে থাকা এক সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. রুস্তম আলী হাওলাদার প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এ ঘটনা তদন্তে জেলা পুলিশ এবং কারা কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছেন।