দুই বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক ট্যাবলেট!

ভারতের হায়দ্রাবাদের এক স্কুলে ২ বছরের শিশুদের পড়াশোনার জন্য ট্যাবলেট থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে! অভিভাবকরা স্কুলের এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছেন। তবে এ ব্যাপারে অনড় স্কুল।
 
ইন্ডিয়া ট্রিবিউন ও ইন্ডিয়া ডটকমের খবরে প্রকাশ, 'এসপ্যারেজন প্রি স্কুল'-এর হায়দ্রাবাদে ১৫টি শাখা রয়েছে। এই শহরে ওই স্কুল খুবই জনপ্রিয়। আর সম্প্রতি ওই স্কুল কর্তৃপক্ষ প্লে থেকে ইউকেজি প‌র্যন্ত বাচ্চাদের জন্য ট্যাবলেট বাধ্যতামূলক করেছে।
 
এমনিতেই মোবাইল ও কম্পিউটারের মতো জিনিস বাচ্চাদের নাগালের বাইরে রাখার চেষ্টা করা হয়। এখন তাদের হাতে ‌যদি ট্যাবলেট ধরিয়ে দেওয়া হয় তাহলে খেলাধুলা ছেড়ে তারা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়বে কিনা তা নিয়েই আতঙ্কিত ওই স্কুল শিক্ষার্থীদের বাবা-মা-রা।
 
স্কুলের জেনারেল ম্যানেজার কোমল ম্যাথ্যু দাবি করেছেন, একমাত্র শিক্ষামূলক কাজেই ওই ট্যাবলেট ব্যবহার করা হবে। ফলে ভয়ের কিছু নেই। ওই ট্যাবলেটের সাহা‌য্যে বাচ্চারা সংখ্যা গোনা, পশুপাখিদের চেনা, রঙ চেনা শিখবে। ট্যাবলেট থেকে কোনও গেম বা অ্যাপ ডাউনলোড করতে পারবে না।
 
সূত্রের খবরে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষের ঠিক করে দেয়া ওই ট্যাবলেট কিনতে ১০ হাজার রুপি করে খরচ করতে হবে অভিভাবকদের। আর সফটওয়ারের জন্য লাগবে সাড়ে চার হাজার রুপি। হঠাৎ করে এই অর্থের ধাক্কায় বেহাল অভিভাবকরা।