রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এই মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
বিভাগের প্রধান অধ্যাপক আতি উল্লাহর সভাপতিত্বে ও শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সহযোগী অধ্যাপক ড. হোসাইন আল মামুন, প্রভাষক শাহনাজ মাহমুদ ও শিক্ষার্থী রেজাউল করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রতিবাদ নয়, এ ঘটনার প্রতিকার চাই। রাবিতে আগেও চারজন শিক্ষককে হত্যা করা হলেও বিচার হয়নি। বক্তারা আরো বলেন, গানের স্কুল খোলা কিংবা লেখালেখি করাই যদি নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে কেউই নিরাপদ নই। একের পর এক প্রগতিশীল যারা অন্যকে আঘাত করে লেখালেখি করে না, তাদের নির্মমভাবে হত্যাকাণ্ড একটি ব্যর্থ রাষ্ট্রের পরিচয় বহন করে।