উদার বিনিয়োগ নীতির সুযোগ নিয়ে বাংলাদেশের তৈরি পোশাক, জ্বালানি, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নসহ উদীয়মান এসএমই শিল্পখাতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
যুক্তরাষ্ট্র সফররত শিল্পমন্ত্রী বুধবার হার্ভার্ড সিজ মিলনায়তনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত 'বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের টেকসই বিকাশ' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
সেমিনারে বক্তৃতার সময় শিল্পমন্ত্রী জানান, 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় শিল্পনীতি-২০১৬তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ শিল্পনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অধিক কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগ প্রবাহ জোরদারের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে।'
ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এবং হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এপ্লাইড সায়েন্স যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাত্থ গার্ডনার ও জেনিফার ক্লিফর্ড, টাফ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেট নুডসেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান,বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাঈদ হাসনাত ও অধ্যাপক ড. নুরুল আমান।