শাহজালালে পায়ের মোজায় ২ কেজি স্বর্ণসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পায়ের মোজার ভেতর থেকে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে বশির নামের এক যাত্রীকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
 
কাস্টমস সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বশির। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে সন্দেহ হলে তল্লাশি করে তার দুই পায়ের মোজার ভেতর থেকে ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৯০ লাখ টাকা। আটক বশিরের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।