দুদকের অভিযানে ব্যাংক কর্মকর্তাসহ ৪জন গ্রেফতার

দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার ঢাকা, মাগুরা ও নেত্রকোনা থেকে দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। তারা হলেন, কৃষি ব্যাংকের মাগুরার শাখার সাবেক মুখ্য কর্মকর্তা খন্দকার সাজেদুল আলম, ব্যাংকটির কর্মকর্তা (ক্যাশ) আসমত আলী বিশ্বাস, হাজি আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের আইটি বিভাগের সাবেক প্রধান ও অথরাইজড রিপ্রেজেনটেটিভ অমিত হালদার এবং নেত্রকোনার মো. হজরত আলী ফকির।
 
দুদক সূত্র জানিয়েছে, কৃষি ব্যাংকের আলমখালি শাখায় ভুয়া শস্যঋণ প্রকল্প দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ব্যাংকটির মাগুরা শাখার সাবেক মুখ্য কর্মকর্তা খন্দকার সাজেদুল আলম ও কর্মকর্তা (ক্যাশ) আসমত আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।
 
এছাড়া ২৮ লাখ ৭৩ হাজার টাকা ক্ষতিসাধনের অভিযোগে দুদকের পক্ষ থেকে মতিঝিল থানায় দায়েরকৃত একটি মামলায় হাজি আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের আইটি বিভাগের সাবেক প্রধান ও অথরাইজড রিপ্রেজেনটেটিভ অমিত হালদারকে মতিঝিল থেকে গ্রেফতার করা হয়েছে।
 
অপর দিকে দুই কোটি টাকা দামের অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে মো. হজরত আলী ফকিরকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়।