আর মাত্র ১০০ দিন। এরপর অলিম্পিক গেমসের পর্দা উঠবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। আর সে কারণেই এথেন্স অলিম্পিক মশাল হস্তান্তর করল ব্রাজিল কর্তৃপক্ষের কাছে।
আগামী সপ্তাহে মশালটি পৌঁছাবে ব্রাজিলে। এরপর আগস্ট মাসের আগ পর্যন্ত মশালটি ব্রাজিলময় ঘুরে বেড়াবে। রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো পেজ জানিয়েছেন, অলিম্পিকে অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প কিছু প্রজেক্টে দেরি হওয়ার শঙ্কা রয়েছে। কিন্তু সেগুলোর কাজও অলিম্পিক গেমস শুরুর আগে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট পদ নিয়ে চলা অনিশ্চয়তার প্রভাব পড়তে পারে দেশটিতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট দেলমা রৌসেফের বদলে নতুন কে ক্ষমতা গ্রহণ করবে তা এখনও নিশ্চিত নয়। টানা দুই বছর দেশটির অর্থনৈতিক মন্দার প্রভাবে বর্তমানে বেকারত্বের হার শতকরা ১০ ভাগ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিক আসরের কাজ চলাকালে শ্রমিকদের মৃত্যু নিয়েও সমালোচনার মুখে আছে ব্রাজিল সরকার।
এ ছাড়াও দেশটিতে গত বছর আন্দোলন চলাকালে পুলিশের হাতে ৩০৭ জন নিহত হয়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বছর একইভাবে মারা গেছেন ১১ জন।