নূপুরের নিক্বণে নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠেছিল স্বনামধন্য নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল আয়োজিত তিন দিনব্যাপী নৃত্য উৎসবের উদ্বোধনীতে। শিল্পকলার একাডেমির প্রধান মিলনায়তনে শাস্ত্রীয় নৃত্যের ছন্দবদ্ধ উপস্থাপনা উপভোগ করলেন দর্শকরা। নৃত্য সবচেয়ে প্রাচীন শিল্পমাধ্যম। শরীরিশৈলীর মাধ্যমে দর্শকের হৃদয়ে নাড়া দেয়। প্রকাশ করে নিজস্ব শিল্প-ভাষা। ভারতীয় নৃত্যধারার সেই প্রাচীন নৃত্যরূপকেই এখনকার শিল্পীরা পরিবেশন করলেন আধুনিক শৈলীর স্পর্শে। কত্থক নাচের তালে, লয়ে, মুদ্রার সমন্বিত শৈল্পিক সৌন্দর্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ইন্দ্রজাল ছড়ালেন শিল্পীরা।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় তিনদিনের এই নৃত্য উৎসব। মঞ্চে স্থাপিত নৃৃত্যরত প্রতীকী পায়ে দুটি ঘুঙুর পরিয়ে যৌথভাবে এই উত্সবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের প্রখ্যাত নৃত্যগুরু ও ভরত নাট্যমের শিল্পী লীলা স্যামসন ও বিশেষ অতিথি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এর আগে নৃত্যগুরুর পণ্ডিত বিজু মহারাজ স্মরণে গুরু বন্দনা পরিবেশন করে শিল্পীরা।
গতকাল উদ্বোধনী সন্ধ্যা সাজানো হয় কত্থক নাচ দিয়ে। এতে নৃত্যাঞ্চলের প্রায় দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন। আজ উৎসবের দ্বিতীয় আসরে নৃত্যাঞ্চল পরিবেশন করবে ‘আলী বাবা ও চল্লিশ চোর’ এবং কাল শেষ দিন আন্তর্জাতিক নৃত্য দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চলের শিল্পীরা।
উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে লীলা স্যামসন বলেন, শিবলী ও নীপার নৃত্যাঞ্চলের এমন শৈল্পিক নৃত্য আমাকে মুগ্ধ করেছে। এমন একটি আয়োজনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অসাধারণ একটি নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো। নৃত্যাঞ্চলের শিল্পীদের এমন শৈল্পিক পরিবেশনায় আমি অনেক বেশি আনন্দিত। বিশেষ অতিথির বক্তব্যে মুস্তাফা মনোয়ার বলেন, সুন্দর যখন আরো সুন্দর হয় তখন সেটা ধ্রুপদী হয়। সুন্দর মানেই ধ্রুপদী আর ধ্রুপদী মানেই সুন্দর। উদ্বোধনী আয়োজনে দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুকে প্রদান করা হয় নৃত্যাঞ্চল সম্মাননা। উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি এসময় তার হাতে ক্রেস্ট তুলে দেয় নৃত্যাঞ্চল।