জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা করছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ জেরা চলছে।
খালেদা জিয়ার পক্ষে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান জেরা করছেন। তবে এ সময় আদালতে অনুপস্থিত রয়েছেন মামলার প্রধান আসামি খালেদা জিয়া।
এর আগে বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে তদন্ত কর্মকর্তাকে জেরা করার আদেশ দেন।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।