হত্যাকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন: শিক্ষামন্ত্রী

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডটি ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন। যথাসম্ভব তদন্ত করে দোষীদের বিচারের সম্মুখীন করার জন্য পুলিশবাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রবল জনমতও গড়ে তোলা দরকার।’
 

বৃহস্পতিবার সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের তো আর নিজস্ব কোনো বাহিনী নেই। তবে এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, এ জন্য পুলিশকে নির্দেশনা দেয়া রয়েছে।’