লিগের স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই। নেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার নিশ্চয়তাও। এমন দুঃসময়ে একটি শিরোপা চেলসিকে এনে দিল আনন্দের উপলক্ষ্য।
তবে সেটা মূল দলের জয়ে নয়। এফএ কাপের শিরোপা জিতেছে চেলসির অনূর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা। অনূর্ধ্ব-১৮ আসরের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করে তরুণ ব্লুজরা।
চেলসি যুবাদের এটি টানা তৃতীয় এফএ কাপ শিরোপা জয়। আর শেষ সাতবারের মধ্যে এটি তাদের পঞ্চম ট্রফি। এর আগে এই আসরে ম্যানচেস্টার ইউনাইটেড টানা পঞ্চমবার শিরোপা জিতেছিলো।
চেলসি জুনিয়রদের এমন দুর্দান্ত সময়ে খরা চলছে মূল দলে। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের একটা সময় অবনমনের শঙ্কায় ছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। বর্তমানে তারা ৩৪ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয় নম্বরে রয়েছে।