শাহরুখের বিরুদ্ধে ১০১ কোটি রুপির মামলা!

শনি লেগেছে শাহরুখের পেছনে। তার ‘রইস’ ছবি মুক্তির দিন-ক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। এর উপর আবার প্রাক্তন এক গ্যাংস্টারের ছেলে তার বিরুদ্ধে ১০১ কোটি রুপির মানহানির মামলা ঠুকে দিয়েছেন!
 
‘রইস’ ছবির মূল চরিত্রটি গ্যাংস্টার আবদুল লতিফকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এছাড়া ছবির গল্প লতিফের জীবনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে।
 
সেই আবদুল লতিফের ছেলে মুস্তাক আহমেদ হঠাৎ মানহানির মামলা করে বসেছেন শাহরুখ খানের বিরুদ্ধে। তাও আবার ১০১ কোটি রুপির মামলা। মুস্তাকের বক্তব্য, ছবিতে তার বাবার ‘ইমেজ’কে কলুষিত করা হয়েছে, বিশেষ করে ছবির দ্বিতীয়ার্ধে।
 
মুস্তাকের দাবি, এতে তার পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তার মূল্য চোকাতে হবে শাহরুখ খানকে। এই নিয়ে রেড চিলিজ এনটারটেনমেন্টের পক্ষ থেকে জবাবি বিবৃতি ফাইল করা হবে ১১ মে। তাই আদালতের রায় জানতে এখন অনেক দেরি।