পিসি ব্যবসায় নির্ভরতা কমাতে চায় ইন্টেল

বর্তমানে আর্থিক অবস্থা ভালো নেই ইন্টেলের। আর তাই খরচ কমাতে দিন সাতেক আগে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার প্রতিষ্ঠানটি পারসোনাল কম্পিউটার বা পিসি ব্যবসায় নির্ভরতা কমিয়ে অন্য ব্যবসায় গুরুত্ব দেয়ার পরিকল্পনা করছে।
 
ইন্টেলের ওয়েবসাইটে এক ব্লগপোস্টে এই পরিকল্পনার কথা জানিয়েছেন ইন্টেলের প্রধান নির্বাহী (সিইও) ব্রায়ান ক্রাজানিক।
 
পারসোনাল কম্পিউটারের আন্তর্জাতিক বাজার ভালো যাচ্ছে না। রাজস্বেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। আর সেজন্যই মূলত রাজস্ব বাড়াতে অন্য ব্যবসায় গুরুত্ব দিতে চাইছে ইন্টেল।
 
ওই ব্লগপোস্টে ব্রায়ান ক্রাজানিক জানিয়েছেন, বর্তমানে ক্লাউড কম্পিউটিং জনপ্রিয় এক বিষয়। তাই এই বিষয়ে অধিক মনোযোগ দেয়া হবে। বেশির ভাগ মোবাইল ডিভাইসে মেমোরি চিপ বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ ধরনের এ ফ্ল্যাশ প্রযুক্তিতেও গুরুত্ব বাড়াবে বিশ্বখ্যাত এই চিপ নির্মাতা প্রতিষ্ঠান।
 
এছাড়া থ্রিডি এক্সপয়েন্ট ও চতুর্থ প্রজন্মের লং টার্ম ইভলিউশন (এলটিই) নেটওয়ার্ক নিয়েও ইন্টেল আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান এই নির্বাহী।