তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'সরকার সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেশে কিছু ছিটেফোটা গুপ্তহত্যা ও অতর্কিতে হামলার ঘটনা চলছে। সরকার এরই মধ্যে ব্লগার, লেখক ও প্রকাশক হত্যা এবং কলাবাগানের হত্যা, রাজশাহীর হত্যাসহ সব হত্যাকাণ্ডের তদন্ত করছে। বেশির ভাগ মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সুতরাং যারা বলছেন, সরকার জঙ্গি এবং গুপ্তহত্যাকারীদের ব্যাপারে উদাসীন, তা সত্যি নয়। জঙ্গিদের সঙ্গে নিজেদের সম্পর্ক আড়াল করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।'
শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২১ আগস্টে শেখ হাসিনার হত্যাচেষ্টাকারী খুনি ও জঙ্গিদের পক্ষে যারা ওকালতি করে, এদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতারা এবং তাদের রাজনৈতিক বন্ধুরা গুপ্তহত্যার অপরাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বাতিল করে আইনের শাসন বাস্তবায়নের জন্য সব অপরাধীকে বিচারের আওতায় আনছে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী জঙ্গিদের সঙ্গে সম্পর্কছেদ না করা পর্যন্ত গুপ্তহত্যার সঙ্গে তাদের সম্পর্ক সন্দেহের চোখে দেখা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।