সুন্দরবনে আগুন লাগার ঘটনায় চাঁদপাইয়ের পর শরণখোলা রেঞ্জেও সব ধরনের পাস-পারমিট দেয়া বন্ধ রেখেছে বন বিভাগ। একই সঙ্গে বনজীবীদের বলা হচ্ছে সেখান থেকে সরে যেতে।
যেসব জেলে, মৌয়ালী বা বাওয়ালীরা পাস-পারমিট নিয়ে এখনও ওই এলাকায় অবস্থান করছেন, তাদের দ্রুত বন থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে।
বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ জানান, দফায় দফায় আগুন লাগার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, এখনও যারা পাস-পারমিট নিয়ে পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে অবস্থান করছেন, তাদের দ্রুত বের হয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তুলাতলা এলাকার জঙ্গলে দুদিন আগে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা বললেও ফায়ার সার্ভিস কর্মীরা শুক্রবার দুপুরেও বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হওয়ার খবর জানিয়েছেন।
তবে বাইরে থেকে আসা পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন বলে বন বিভাগের কর্মকর্তারা জানান।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। ওই এলাকায় এক মাসের মধ্যে আগুন লাগার এটি চতুর্থ ঘটনা।