ডোপিংয়ে তৃতীয় অবস্থানে ভারতের ক্রীড়াবিদরা

দ্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) প্রকাশিত তালিকায় ডোপিংয়ে তিন নম্বর অবস্থানে উঠে এসেছে ভারত।  বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়া ও ইতালির অ্যাথলেটরা।
 
১০৯টি দেশের ভিন্ন ৮৩টি ক্রীড়াক্ষেত্রে ডোপিং বিরোধী এজেন্সিটি তাদের গবেষণা চালায়। তাতে অ্যাথলেটদের পাশাপাশি কুস্তিতে সবচেয়ে বেশি খেলোয়াড় ডোপ টেস্টে পজিটিভ বলে প্রমাণ পাওয়া যায়।
 
হিসেব অনুযায়ী রাশিয়ার ১৪৮ জন অ্যাথলেট ডোপিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এজন্য ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিকে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
 
এ তালিকায় ইতালির ১২৩ জন অ্যাথলেট ডোপিং করেছেন৷ বিশ্ব ডোপিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷ ৯৬ জন খেলোয়াড় ২০১৪ সালের হিসেব অনুযায়ী ডোপিংয়ে অভিযুক্ত হয়েছেন৷ পরের দুই বছর আরও বেশি ভারতীয় খেলোয়াড় সরাসরি ডোপিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে একটি সূত্র জানায়।
 
ভারতের ৯৬ জনের মধ্যে ৭৯ জন অ্যাথলেট প্রতিযোগিতায় লড়তে গিয়ে ডোপিংয়ে সরাসরি অভিযুক্ত হয়েছেন৷ বাকি ১৩জন অ্যাথলেট প্রতিযোগিতার বাইরে অভিযুক্ত হয়েছেন৷ ৯৬ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ২৩ জন মহিলা অ্যাথলেট রয়েছে বলেও জানায় ওয়াডা।