রাঙামাটিতে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার তিনজনকে ছিনিয়ে নিয়ে দুই ঘণ্টা পর আবার ফিরিয়ে দিয়েছেন স্থানীয় দুই ছাত্রলীগ নেতা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমীর উদ্দীনের ছেলে মেজবাহ উদ্দীনের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরের কাঁঠালতলী এলাকা থেকে ওইদিন রাত ১০টার দিকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় টহল গাড়ির গতিরোধ করে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত ১২টার দিকে তারা তিনজনকে পুলিশের কাছে ফেরত দেয়।
এসআই সুরজিত বলেন, একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে শুক্রবার আদালতে তোলা হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি সুজন বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কোনো ওয়ারেন্ট বা অর্ডার ছাড়া আমাদের তিন কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন পুলিশের সঙ্গে আমাদের কর্মীরা কথাবার্তা বলছিল।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।