লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে জামাই।
শুক্রবার ভোর চারটার দিকে রায়পুর শহরের আব্বাস আলী সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই নাজমুল হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এ ঘটনার সময় পারিবারিক কলহ নিয়ে শ্বশুর মহিন উদ্দিন বাবর, শাশুড়ি আঙ্গুর নেছারের সঙ্গে মেয়ের জামাই নাজমুল হোসেনের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বশুর, শাশুড়ি, স্ত্রী মহিমা আক্তার ও শ্যালিকা সাফুরা আক্তার পলিকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। তাদের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে জামাই নাজমুল ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্ততিও চলছে।