‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় এসেছে। এ শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে আমাদের এখনো ঐক্যবদ্ধ থাকতে হবে।’
 
শনিবার দুপুরে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে জেলা ওয়ার্কাসপার্টি আয়োজিত কর্মী সভায়  মোবাইল ফোনে পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, ‘খোদ কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। সরকার কৃষকদের লাভবান করতে ধান চালের দাম নির্ধারণ করেছে। তাই খোদ কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্য মূল্য পৌঁছে দিতে হবে।’
 
দলটির জেলা সম্পাদক এনামুল হক মুন্সি সভাপতিত্ব এতে করেন। এতে কেন্দ্রীয় নেতা দিপংকর সাহা দিপু, টিপু সুলতান এমপি, ওয়াকার্স পাটির জেলা নেতা অ্যাডভোকেট জাকির হোসেন, মীরা রানী হীরাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।