রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। নিহত আনছার আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকালে উপজেলাধীন রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জে এ ঘটনা ঘটে। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
জানা গেছে, বাঘবাবাড়ি থেকে সারবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের সামনে বৈরাগীগঞ্জ নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সারবোঝাই ট্রাকের চালক নওশাদ মিয়া (২৭) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অপর ট্রাকের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়কের উপর পড়ে থাকায় দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।