কিছুদিন আগেই টানা দ্বিতীয় ট্রেবলের স্বপ্ন দেখছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু এর পরই চ্যাম্পিয়ন্স লিগ থেটে ছিটকে পড়ে তারা। লিগেও একের পর এক হোঁচট খেয়ে নাজুক অবস্থানে আছে তারা।
ক্লাবের ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করেন, লা লিগা জিততে না পারলে তার ক্লাবের জন্য মৌসুমটি ব্যর্থ বলেই বিবেচিত হবে।
৩৫ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮১।
পিকে বলেন, ‘আমাদের এখনও দুটি রোমাঞ্চকর শিরোপা লিগ আর কোপা দেল রে জয়ের জন্য চেষ্টা করতে হবে। আমি এই ক্লাবে যতদিন থেকে আছি, দেখে এসেছি লিগ জিততে না পারাটা ব্যর্থতা।’
৩০ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থাকা বার্সেলোনা সহজেই লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু পরের তিন ম্যাচের তিনটিতেই হারে তারা। লুইস এনরিকের দলের এই ছন্দপতনের সুযোগ কাজে লাগিয়ে তাদের সঙ্গে পয়েন্ট সমান করে ফেলে আতলেতিকো। আর রিয়াল পয়েন্ট ব্যবধান কমিয়ে একে নিয়ে আসে।