পুরান ঢাকায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর গায়ে গরম পানি

পুরান ঢাকায়  চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর গায়ে গরম পানি ঢেলে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরো দুই জন দগ্ধ হয়েছে।
 
শুক্রবার দুপুরে চকবাজারের পূর্ব ইসলামবাগ এলাকার ৫৬/৪ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম আব্দুর রব। তিনি ইসলামবাগের দোকান মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। অপর দুই জন হলেন- আব্দুর রবের ছেলে আব্দুস সালাম রাব্বি এবং স্থানীয়  হোসেন সরদার (৫২)।
 
আব্দুর রব বলেন, স্থানীয় সন্ত্রাসী মারুফ হোসেন খোকা দীর্ঘদিন ধরে আমার চাচাতো ভাইয়ের বাড়ির পাশে একটি রাস্তা নির্মাণের জন্য হুমকি দিচ্ছিল। তবে রাস্তা বানাতে হলে আমাদের বাড়ির কিছু অংশ ভাঙতে হবে। তাতে আমি সম্মতি দেইনি। এ কারণে সম্প্রতি সে দশ লাখ টাকা দাবি করে। শুক্রবার জুম্মা নামাযের পর সে বাড়ি থেকে আমাকে ডেকে নিয়ে আমার ও আমার ছেলের গায়ে গরম পানি ঢেলে দেয়।
 
চাঁদাবাজদের সঙ্গে আব্দুর রবের বাকবিতণ্ডার সময় স্থানীয় হোসেন সরদার সেখানে উপস্থিত হলে তার গায়েও গরম পানি ঢেলে দেয় সন্ত্রাসীরা।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের  বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।