ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সমাবেশের কাছে সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহস্পতিবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ স্থলের কাছে সংঘর্ষ হয়েছে। এ সময় সমাবেশ স্থলের বাইরে কয়েকশ’ বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে যান চলাচল আটকে দেয়।
 
ক্যালিফোর্নিয়ায় কোস্টা মেসার অরেঞ্জ কাউন্টি ফেয়ারগ্রাউন্ডসের একটি হলে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই বাইরে পুলিশের একটি গাড়ির জানালা ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়েছে। বক্তৃতার সময়ে ট্রাম্প আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বের করে দেয়ার অঙ্গীকার করেন।
 
তিনি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অংশে বিশেষত দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত মধ্যে তীব্র বিরোধিতার মুখে পড়েছেন। ক্যালিফোর্নিয়ায় আগামী ৭ জুন রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার কানেকটিকাট, ডেলাওয়ার, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া ও রোড আইল্যান্ডে জয়ী হওয়ার পর ট্রাম্প নিজেকে রিপাবলিকান দলের ‘সম্ভাব্য পদপ্রার্থী’ হিসেবে উল্লেখ করেন।
 
ট্রাম্পের ভাষণ শুনতে কোস্টা মেসার ১৮ হাজার লোকের ধারণক্ষমতার প্যাসিফিক অ্যাম্পিথিয়েটার হল কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং এর বাইরে আরো কয়েকশ সমর্থক অবস্থান নেয়।  হলের বাইরে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অবৈধ সীমান্ত ক্রসিং বন্ধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে প্রতিবন্ধক তৈরি করতে ট্রাম্পের আহবানের কথা উল্লেখ করে তার সমর্থকরা শ্লোগান দেন, দেয়াল তৈরি কর, দেয়াল তৈরি কর।
 
দাঙ্গা পুলিশ ও অশ্বারোহী পুলিশ পৃথক দুটি পক্ষের দিকে অগ্রসর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বিক্ষোভকারী গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে আর কয়েকজন পুলিশের একটি গাড়ির ওপর উঠে এর জানালা ভাঙচুর করে। অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগ জানায়, শুক্রবার গ্রিনিচ সময় ছয়টায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এএফপি।