কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শুক্রবার সকালে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেয়া হয়েছে। সম্প্রতি আদালত তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
কাশিমপুর কারাগার-২-এর ডেপুটি জেলার মো. তৌহিদুর রহমান জানান, ঢাকা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) তাকে হেফাজতে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য এ কারাগার থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়ে গেছে। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর পরিদর্শক মো. ওহিদুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের গোয়েন্দা পুলিশের একটি দল কারাগারে আসেন।
অপরদিকে একই মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে পার্শবর্তী কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন দৈনিক যায়যায়দিন-এর সাবেক সম্পাদক শফিক রেহমান।