আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপরিশোধিত জ্বালানী তেলের দাম ব্যারেল প্রতি ৪৭ দশমিক ১৯ ডলার হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার না বাড়ানোর সিদ্ধান্তের ঘোষণার পর অপরিশোধিত জ্বালানী তেলের দাম এক লাফে ৩ দশমিক ১৭ ভাগ বেড়ে যায়। চলতি বছর এটিই সর্বোচ্চ মূল্য।
গত ফেব্রুয়ারি মাস থেকেই বাড়ছে জ্বালানী তেলের দাম। ফেব্রুয়ারির পর এ পর্যন্ত তেলের দাম বেড়েছে প্রায় ৭০ ভাগ। বিশ্লেষকরা বলছেন, ইতিপূর্বে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধির আশংকা ছিল। বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ হতে অর্থ যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার আশংকাও ছিল।
অনেকেই আশংকা করেছিলেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ালে বিশ্বের অনেকে দেশেই বিনিয়োগ চাহিদা কমে যাবে। কিন্তু সুদের হার না বাড়ানোর সিদ্ধান্তে অন্যান্য দেশে বিনিয়োগ বাড়ার আশা করা হচ্ছে। বিনিয়োগ চাহিদা বাড়লে জ্বালানী তেলের চাহিদাও বাড়বে। ফলে তেলের দামও ঊর্ধ্বমুখী হবে।
এদিকে বিশ্বব্যাংকের ত্রৈমাসিক কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনে জ্বালানী তেলের দাম বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। বাজারে তেলের অতিরিক্ত সরবরাহও কমে আসতে পারে বলে মনে করছে সংস্থাটি।