রাজধানীর খিলগাঁওয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা এক ব্যক্তিকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সুকুমার সরকার (৫৫)। তাকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সুকুমার সরকারের বড় ভাই পরিতোষ সরকার জানান, সুকুমারের মা চট্টগ্রামে মারা যান। সেখান থেকে তার লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে তারা টাঙ্গাইলে গ্রামের বাড়িতে যাচ্ছিল। সঙ্গে আরও একটি মাইক্রোবাসে পরিবারের সদস্যরা ছিল। খিলগাঁও এলাকায় দুর্বৃত্তরা আরেকটি মাইক্রোবাসে করে এসে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ছিনিয়ে নিয়ে বলে জানান পরিতোষ সরকার।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক আহত সুকুমারকে হাসপাতালে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।