লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে লক্ষ্মীপুর সদর থানায় নিহত ইসমাইল হোসেন মানিকের ভাই মোরশেদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে রাতেই মামলার এজাহারভুক্ত আসামি মো. বেলাল ওরফে চোরা বেলালকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বেলাল উত্তর মজুপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউছার বলেন, 'এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর এলাকায় দুই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতরা হলেন, রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে ইসমাইল হোসেন মানিক (৪৮) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলাম (২৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা ও প্রতিবেশী।