মঙ্গলবার নতুন কোচের নাম ঘোষণা করতে পারে পিসিবি

আগামী ৩ মে মঙ্গলবার জাতীয় দলের প্রধান কোচের নাম ঘোষণা করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড অব গভর্নরসের অনুমোদনের ভিত্তিতেই এই নিয়োগ দেয়া হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। 
 
পিসিবি-র এক ঘনিষ্ঠ সূত্র মতে জানা গেছে, চেয়ারম্যান শাহরিয়ার খান ইতোমধ্যেই বোর্ডের সকলের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কোচের একটি সংক্ষিপ্ত তালিকা পেশ করেছেন। সূত্রটি আরো জানিয়েছে ৩ মে প্রধান কোচের নাম ঘোষণার পরে তার সাথে আলোচনা করেই সহকারী কোচ, ব্যাটিং ও বোলিং কোচ চূড়ান্ত করা হবে। 
 
এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের দায় নিজের কাঁধে নিয়ে গত মাসে প্রধান কোচের পদ থেকে সড়ে দাঁড়ান ওয়াকার ইউনুস। তখন থেকেই নতুন কোচের সন্ধান করছে পিসিবি। তবে অন্যতম গুরুত্বপূর্ণ এই পদটির জন্য কোন হাই প্রোফাইল সাবেক পাকিস্তানী তারকা আবেদন করেননি বলে জানা গেছে। শুধুমাত্র দুই থেকে তিনজন লো প্রোফাইল পাকিস্তানী খেলোয়াড় এই পদের জন্য আবেদন করেছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। কিন্তু শাহরিয়ার খান সাবেক দুই টেস্ট তারকা মহসিন খান ও আকিব জাভেদের সাথে সরাসরি কথা বলেছেন এবং তাদেরকে আবেদনপত্র পাঠাতে অনুরোধ জানিয়েছেন।
 
গত ২৫ এপ্রিল ছিল আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ। কিন্তু বেশীরভাগ পাকিস্তানী প্রার্থীই এক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখাননি, কারণ তাদের ধারণা ছিল বোর্ড বিদেশী কোচ নিয়োগের ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এমনকি শাহরিয়ার খানের পছন্দ আকিব জাভেদও দুবাই ফিরে গিয়ে বলেছেন বর্তমানে কোচিং কমিটিতে থাকা ওয়াসিম আকরাম ও রমিজ রাজা দুজনেই বিদেশী কোচের ব্যাপারে বোর্ডের কাছে সুপারিশ করেছে। আকিবের দাবি বিষয়টি সবাই জানে। 
 
এদিকে সূত্রমতে জানা গেছে পিসিবি’র ডেডলাইনের মধ্যে বেশ কয়েকজন বিদেশী কোচ আবেদন করেছেন। যাদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের পিটার মুর, দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার ও অস্ট্রেলিয়ার ডিন জোনস, টম মুডি, স্টুয়ার্ট ল, জেমি সিডন্স ও জিম্বাবুয়ের ফ্লাওয়ার ভাতৃদ্বয়।