সিম নিবন্ধনে ৩৬৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ও ভোক্তা অভিযোগ নিষ্পত্তি উপকমিটি নামে দুই সংগঠন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে অনিয়মের অভিযোগ করেছেন। 
 
শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা এ দাবি করেন।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।
 
তিনি দাবি করেন, বায়োমেট্রিক পদ্ধতিতে পূর্ণাঙ্গভাবে সিম নিবন্ধন করা হয়নি। কারণ অনেক গ্রাহকের আঙুলের বর্তমান ছাপের সঙ্গে দশ বছর আগের এনআইডি করার সময় দেয়া আঙুলের ছাপে মিল না থাকায় সিম নিবন্ধন করতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ ছাড়া একজনের আঙুলের ছাপ দিয়ে অন্য অনিবন্ধিত সিম নিবন্ধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
 
মহিউদ্দিন আহম্মেদ বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে টাকা নেয়ার বিধান না থাকলেও আমরা অনুসন্ধান করে দেখেছি সিম নিবন্ধনে ২০-২৫ টাকা থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে ৫০-১০০ টাকা পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে নেয়া হয়েছে। যার ফলে প্রায় ৩৬৫ কোটি টাকা গ্রাহকদের কাছ হাতিয়ে নিয়েছে রিটেইলাররা।