বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে পরপর দুই দিন ধর্ষণের অভিযোগে পাঁচ বখাটের নামে থানায় মামলা হয়েছে। নির্যাতিতার বাবা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলাপর থালতা মাজগ্রাম এলাকার ঐ ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে এলাকার সাইকেল মেকার মন্তেজার রহমান ওরফে মন্তে উত্যক্ত করত। গত ২৫ ও ২৬ এপ্রিল সকাল নয়টার দিকে স্কুলে যাওয়ার পথে মন্তে ঐ স্কুলছাত্রীকে চৌমুহনী বানিয়াদীঘি ব্রিজের পাশে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরপর দুই দিন একই ঘটনা ঘটার পর ঐ শিশু বাড়িতে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
এরপর মন্তের পক্ষ নিয়ে আরো চার ব্যক্তি বিষয়টি গোপনে মীমাংসার জন্য স্কুলছাত্রীর বাবাকে চাপ দেয়। অবশেষে শুক্রবার রাতে মটু মিয়া বাদী হয়ে মন্তেজারসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য বগুড়ায় প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।