বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সমাবেশের আগেই সরকার আতঙ্কিত। এই সমাবেশকে কেন্দ্র করে গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে পারলে সরকারকে মাথানত করা হবে এবং নির্বাচনের জন্য যে ধরনের সরকার দরকার সেই রকম একটি সরকার প্রতিষ্ঠিত করা হবে।
শনিবার মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত সমাবেশের মঞ্চ প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে। যতক্ষণ গণতন্ত্র ফিরে না আসবে এই সংকট আরো তীব্র হবে।
তিনি বলেন, জনগণ আন্দোলনকে জোরদার করে, রাজনৈতিক দল সেই আন্দোলনে নেতৃত্ব দেয়। আমরা নির্দলীয় সরকারের দাবি আদায়ে মে দিবসের চেতনা থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।
এসময় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।