জাকারবার্গের নিরাপত্তায় কত ডলার ব্যয় করে ফেসবুক?

গত বছর নিজেদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের নিরাপত্তায় চার দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৫ অর্থবছরের জন্য তৈরি করা এক খসড়া নথিতে এই তথ্য দিয়েছে এই সামাজিক যোগাযোগ জায়ান্ট। এর আগে কখনো সিইও-এর নিরাপত্তায় ব্যয়িত অর্থের পরিমাণ প্রকাশ করেনি মার্কিন প্রতিষ্ঠানটি।
 
নথি অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাকারবার্গের নিরাপত্তায় ১২ দশমিক পাঁচ মিলিয়ন ডলার ব্যয় করে ফেসবুক। এর মধ্যে ২০১৩ সালে দুই দশমিক ৬৫ মিলিয়ন ও ২০১৪ সালে পাঁচ দশমিক ৬ মিলিয়ন ডলার খরচ করা হয়।
 
নথিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা, সভাপতি ও সিইও-এর নিরাপত্তায় ব্যয়িত অর্থের অংক এটাই প্রমাণ করে যে, তার নিরাপত্তা নিয়ে আমরা কতটা সচেষ্ট।
 
ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স মতে, জাকারবার্গ বিশ্বের অষ্টম শীর্ষ ধনি ব্যক্তি, যার হাতে আছে ৪৭ বিলিয়ন ডলার। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।