পাওনা টাকা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

 
বগুড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে  প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে আগুন দেয়া হয়েছে। 
 
বগুড়া শহরতলীর এরুলিয় ইউনিয়নের বানদিঘী গ্রামে শুক্রবার সন্ধ্যা থেকে সংঘর্ষের সুত্রপাত হয়। শনিবার সকালে আগুন দেয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত উভয় পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কাঠ ব্যবসায়ী মিলন ও বাস চালক হিরুর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার বিকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। সন্ধ্যার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
এতে বানদীঘি গ্রামের আবুল কাশেমের ছেলে ওয়াহেদ আলী (৫৫) ও তার ছোট ভাই আব্দুস সামাদ (৫০) গুরুতর আহত হন। এছাড়াও মিলন পক্ষের লোকজন প্রতিপক্ষের দুইটি গরু পিটিয়ে মেরে ফেলে। 
 
IMG0
 
আহত দুই ভাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৩টার দিকে ওয়াহেদ আলী মারা যান।
 
ওয়াহেদ আলীর মৃত্যুর খবর গ্রামে জানা জানি হলে শনিবার সকালে গ্রামবাসী মিলনের কাঠের দোকান, আপেলের ধানের গুড়ার গোডাউন ছাড়াও ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফাযার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনে। এমন সময় গ্রামে খবর আসে নিহত ওয়াহেদ আলীর ভাই আব্দুস সামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ খবর পেয়ে গ্রামবাসী আরো উত্তেজিত হয়ে মিলন পক্ষের বাড়িঘরে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পুনরায় সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় শনিবার সদর থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুপুর পর্যন্ত উভয় পক্ষের ৫জনকে আটক করেছে।