কামলা (কৃষি শ্রমিক) সংকটে নওগাঁর ধামইরহাট উপজেলার বোরো ধান কাটা-মাড়াই ব্যাহত হচ্ছে। এই সুযোগে কিছু জোতদার নারী শ্রমিকদের কাজে লাগিয়ে ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে এ সব দরিদ্র নারী শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়া হচ্ছে না। পুরুষের সমান তালে শ্রম দিয়েও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে নারী শ্রমিকরা। ফলে নারী শ্রমিকদের মাঝে বিরাজ করছে চরম হতাশা।
এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে তাদের কোন ধারণা নেই। তারা জানেন না এ দিন শ্রমিকের ন্যায্য মজুরি প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা জীবন দিয়েছিলেন। আগামীকাল পহেলা মে, সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হয়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের এ সব নারী শ্রমিকরা এ দিবসের তাৎপর্য এখনো জানেন না। এক শ্রেণির জোতদার এবং সুবিধাবাদী দিনের পর দিন এ সব নারী শ্রমিকদের ঠকিয়ে আসছেন।