নিখিলকে হত্যার দায় স্বীকার আইএসের: সাইট

টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্র জোয়ার্দারকে কুপিয়ে হত্যার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। টুইইটারে সাইট জানিয়েছে, হযরত মোহাম্মদ (স.) কে অবমাননা করায় নিখিলকে হত্যা করেছে আইএস।
 
শনিবার সকালে পৌরসভার পাকুটিয়া-সূতিকালিবাড়ি সড়কের ডুবাইল মাদরাসার অদূরে নিজ কর্মস্থলের সামনে নিখিল চন্দ্র জোয়ার্দারকে হত্যা করে একদল দুর্বৃত্ত। নিহত নিখিল পেশায় দর্জি ছিলেন।
 
এলাকাবাসীও ধারনা করছে নিখিল উগ্রপন্থীদের হাতে খুন হয়ে থাকতে পারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিখিল বাড়ির নিকটস্থ নিজ টেইলার্সে বসে পোশাক নির্মাণের কাজ করছিলেন। এ সময়ে পূর্বদিক থেকে মোটরসাইকেলে করে তিন যুবক টেইলার্সের সামনে এসে নিখিলকে বাইরে আসতে বলে। তাদের কাছাকাছি আসতেই মোটরসাইকেল আরোহী অপর দুই যুবক ব্যাগ থেকে ছুরি বের করে তাকে কোপাতে থাকে। যুবকরা তার বুকে, ঘাড়ে ও  মাথায় ৭/৮টি কোপ দেয়। মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে করে সূতিকালিবাড়ির দিকে চলে যায়।
 
দুই বছর আগে মহানবীকে নিয়ে কটূক্তি করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে অপদস্থ করেছিল। পরে পুলিশ নিখিলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। তিন মাস জেল-হাজতে থাকার পর জামিনে বেরিয়ে এসেছিল নিখিল।
 
ধর্ম অবমাননার দায়ে করা ওই মামলার বাদী দৈনিক ইনকিলাবের গোপালপুর সংবাদদাতা জানান, নিখিল অনুতাপ প্রকাশ করায় এবং ডুবাইল গ্রামের কয়েকজন মুরুব্বীর অনুরোধে তিনি ছয় মাস আগে আদালত থেকে মামলা তুলে নেন।
 
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উগ্রপন্থিদের দ্বারাই নিখিল খুন হয়েছে তা নিশ্চিত করে এখনি বলা যাচ্ছে না। তদন্তে আরো একটি পারিবারিক বিষয় মাথায় রাখা হয়েছে।’